যশোরের অভয়নগরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ মার্চ) সকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রবিবার সকাল ৮টায় নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করার এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে লিটন শেখ নামে পাইকারি লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য আড়ৎদারদের পাইকারি মূল্য যাচাই করা হয়েছে, যাতে খুচরা বাজারের দামে তারতম্য না ঘটে। রমজান মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











