পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর ওই তরুণীর পরিচয় ছিল। মঙ্গলবার (৩ মার্চ) কবিরুল ওই তরুণীর বাড়িতে যান এবং সেখানেই রাত কাটান। পরদিন সকালে এলাকাবাসী তাদের একসঙ্গে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে তাদের আটক করে। অভিযোগ রয়েছে, পরে স্থানীয়রা দুজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল বলেন, “কাউকে গাছে বেঁধে নির্যাতন করা কোনোভাবেই ঠিক হয়নি।”
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, “এটি অত্যন্ত অমানবিক ঘটনা। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। একটি সভ্য রাষ্ট্রে এমন কাজ নিন্দনীয়।”
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, “ঘটনাটি আমার থানার আওতার বাইরে হওয়ায় বিষয়টি পাবনা সদর থানাকে জানানো হয়েছে।” অন্যদিকে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, “এখনো বিষয়টি জানি না। খোঁজখবর নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”











