রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি এসেছে। এর আগে হাত-পা উদ্ধার হওয়ার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাতুয়াইল ময়লাপট্টি থেকে মানবদেহের একটি মস্তক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে দুটি হাত এবং একটি পা উদ্ধার করা হয়। পরে বিকেলে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় রাতে যাত্রাবাড়ী মাতুয়াইল ময়লাপট্টি থেকে মস্তকটি উদ্ধার করা হয়।
পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ জানান, উদ্ধার করা মস্তকটি আগেই পাওয়া খণ্ডিত দেহের অংশ হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বাকি অংশ উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।
তদন্তে জানা যায়, মতিঝিল এলাকার একটি ডাস্টবিনে মস্তকটি ফেলে দেওয়া হয়েছিল। পরে ময়লা সংগ্রহের সময় তা মাতুয়াইল ভাগাড়ে চলে আসে।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া দুই হাতের আঙুলের ছাপের মাধ্যমে মৃত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০), তার গ্রামের বাড়ি নরসিংদী। পুলিশের একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন একজন বর্তমানে হেফাজতে রয়েছে। শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।











