রংপুরে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা। এ ঘটনায় রুবেল হোসেন নামের এক ডিলারকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে নগরীর স্টেশন বাবুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। একটি পরিত্যক্ত গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৬১৩ কেজি মসুর ডাল, ১৬২ লিটার সয়াবিন তেল, ১৫০ লিটার ছোলাবুট, ১৫০ কেজি চিনি এবং ৭০ কেজি খেজুর জব্দ করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, টিসিবির পণ্য খোলাবাজারে ও সরকার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে বিক্রির জন্য প্রতিটি পয়েন্টে একজন ট্যাগ অফিসার দায়িত্বপ্রাপ্ত থাকেন। পণ্য বিক্রির শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করে শেষে অনাপত্তিপত্র দেওয়ার কথা তার। তবে সম্প্রতি দায়িত্বে শিথিলতার সুযোগে কিছু ডিলার সম্পূর্ণ পণ্য বিক্রি না করে অবৈধভাবে মজুত করছেন বলে অভিযোগ উঠেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, এ ধরনের তথ্য বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছিলেন। সর্বশেষ এনএসআইয়ের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
আটক ডিলারের বিরুদ্ধে সরকারি পণ্য অবৈধভাবে মজুত রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, টিসিবির রংপুর কার্যালয়ের উপপরিচালক হাবীবুর রহমান জানান, আটক ডিলারকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











