ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র চোরাকারবারিরা। সীমান্তপথে অবৈধ অস্ত্রের আনাগোনা বেড়েছে এবং প্রায় প্রতিদিনই আগ্নেয়াস্ত্র ঢুকছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ১৩০ কিলোমিটার সীমান্তের মধ্যে অন্তত ৪০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। এই অরক্ষিত অংশই অস্ত্র পাচারের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনটি ব্যাটালিয়নের বিজিবি সদস্য মোতায়েন থাকলেও কৌশলে পাচার চালিয়ে যাচ্ছে কারবারিরা। বিজিবির হাতে জব্দ হওয়া অস্ত্রের বড় অংশই যুক্তরাষ্ট্রের তৈরি নাইন এমএম পিস্তল।
রাজশাহীর গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট সীমান্ত দিয়ে ঢোকা এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ভোটকালীন সহিংসতায় ব্যবহারের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহল।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেন, সীমান্তপথে অবৈধ অস্ত্র আসছে এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রও উদ্ধার হয়নি। ভোটের সময় এগুলো ব্যবহারের শঙ্কায় সাধারণ ভোটাররা আতঙ্কিত।
নির্বাচন সামনে রেখে সীমান্তবর্তী ২৭ জেলায় অস্ত্র চোরাচালানে জড়িত ৭৮৭ জন লাইনম্যানের তালিকা করেছে পুলিশ। বিজিবি ও পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং নতুন অস্ত্র কারবারিদের শনাক্তে নিয়মিত তালিকা হালনাগাদ করা হচ্ছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।











