ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ডা. আজহার উদ্দিন কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিল্পী রাণী দাস (৫৫), তাঁর ছেলে তুষার দাস (২৫) এবং অটোরিকশাচালক মো. নাসিম (৪৩)। তাঁরা সবাই তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টার দিকে বাসটি গজারিয়া বাজার এলাকায় ডা. আজহার উদ্দিন কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
তবে দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউ নিহত বা গুরুতর আহত হননি।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার একই এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম ও মো. অলি উল্যাহ ডুবাই নামে শালা-দুলাভাই নিহত হন। চার দিনের ব্যবধানে একই স্থানে একাধিক প্রাণহানির ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











