ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। সংঘর্ষে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, এ পর্যন্ত ১৭ জন আহত রোগী ভর্তি হয়েছেন। একজনের অবস্থা গুরুতর।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ঢাকা থেকে মাদারীপুরগামী বাসটি বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ছিটকে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।











