ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় বাসচাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রিপন বিশ্বাস মহাসড়ক পারাপারের সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই রিপন বিশ্বাসের মৃত্যু হয়। এ সময় বাসটির হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রিপন বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











