জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) এবং তার ভাতিজা আকাশ মিয়া (২০)। দুজনই পেশায় নরসুন্দর ছিলেন।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াতে যান তারা। দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাত ২টার দিকে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। আহত অবস্থায় কাজল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, “সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”











