কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়ার ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন মাইক্রোবাসের চালক শাহীন (৪০) ও যাত্রী ইব্রাহিম (১৪)। শাহীন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চারিপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে এবং ইব্রাহিম একই এলাকার উত্তর চালনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস। মালিখিল বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিলে চিকিৎসক শাহীন ও ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহতদের লাশ হেফাজতে নেয়। দুপুরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











