নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয় মিয়া (২৫) ও মিঠু সরদার (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতার জয় মিয়া দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত লাল মিয়ার ছেলে এবং মিঠু সরদার ভোলাইল শান্তিনগর এলাকার মৃত হাসান সরদারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত গডফাদার ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।











