পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে বাড়ি থেকে নাতনিকে অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে নাতনির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)।
প্রাথমিক ধারণা পুলিশ ও স্থানীয়দের মতে, নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।
পারিবারিক সূত্র জানিয়েছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে স্থানীয়রা রাস্তায় বের হন। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে ফিরে গেলে সকালে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
একপর্যায়ে নাতনি জামিলার লাশ বাড়ির পাশে সরিষাক্ষেতে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। স্বজন ও এলাকাবাসী ধারণা করছেন, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে সকালে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীর পরিচয় নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ তদন্ত চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।











