টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোষাখালি গ্রামের মোতাহার সিকদার ঠান্ডু (৮০) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
নিহতের নাতি শাকিল শিকদার জানান, দুদিন আগে কৃষিকাজের জন্য করটিয়া হাট থেকে দৈনিক মজুরির ভিত্তিতে দুজন শ্রমিক আনা হয়। তারা ইরি ধান লাগানোর কাজ করছিলেন এবং দাদার ঘরের পাশের একটি কক্ষে রাত যাপন করতেন। তিনি দাবি করেন, গভীর রাতে ওই শ্রমিকদের একাধিকবার ঘর থেকে বের হতে দেখলেও সকালে তাদের আর পাওয়া যায়নি।
বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে পড়লে বৃদ্ধ দম্পতি বিষয়টি দেখে ফেলেন। এতে বাধা দিলে একপর্যায়ে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘরের মালামাল লুট করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।











