প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।
এদিন গ্রেপ্তার আসামি নোবেলকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়েছে, এই প্রতারণার কাজে অন্য আসামিরাও নোবেলকে সহযোগিতা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন—নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।
তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।











