ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে পৌঁছাতে শুরু করেছে। এখন পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
সালীম আহমাদ খান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ১৬ হাজার সাতজন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটাধিকার প্রয়োগ করেছেন চার লাখ ৫৪ হাজার ৫৮৭ জন এবং ভোট প্রদান শেষে চার লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে। সালীম আহমাদ খান জানান, দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে আইসিপিভি পদ্ধতিতে নিবন্ধিত দুই লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতরে তিন হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে দুই হাজার ৪২২ জন ভোটদান সম্পন্ন করেছেন এবং এক হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দেশে ও বিদেশ থেকে পাঠানো সব পোস্টাল ব্যালট গ্রহণ ও গণনা করা হবে।











