মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘খুবই উদ্বিগ্ন’ হওয়া উচিত, কারণ ওয়াশিংটন ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে।
ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, “আমি বলব, তার খুবই উদ্বিগ্ন হওয়া উচিত—হ্যাঁ, হওয়া উচিত। যেমনটি আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুক্রবার সকাল আনুমানিক ১০টায় ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে।
ট্রাম্প ওই অঞ্চলে একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠিয়েছেন এবং ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়ে নতুন পদক্ষেপ নেয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান নতুন পারমাণবিক স্থাপনা শুরু করার কথা ভাবছিল। আমরা বিষয়টি জানতে পেরেছি। আমি বলেছি, তোমরা এটা করলে আমরা তোমাদের সঙ্গে খুব খারাপ কাজ করব।”











