পানি, রেল ও নগর ব্যবস্থাপনায় ব্যবহৃত বিশ্বের দীর্ঘতম ১০ সুড়ঙ্গের সংক্ষিপ্ত পরিচয়।
সুড়ঙ্গ শুধু যাতায়াতের পথ নয়, বরং মানুষের মেধা, প্রযুক্তি ও সাহসের এক অনন্য নিদর্শন। পাহাড়, মাটি কিংবা সমুদ্রের তলদেশ ভেদ করে তৈরি এসব সুড়ঙ্গের মাধ্যমে সেচ, পানি সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত দীর্ঘতম ১০টি সুড়ঙ্গের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো—
১. ডেলাওয়ার অ্যাকুয়াডাক্ট (যুক্তরাষ্ট্র)
প্রায় ১৩৭ কিলোমিটার দীর্ঘ এই পানিপরিবাহী সুড়ঙ্গ নিউইয়র্ক মেট্রোপলিটান অঞ্চলের প্রধান পানির উৎস। ১৯৩৭ সালে নির্মাণ শুরু হয়ে ১৯৪৫ সালে কাজ শেষ হয়।
২. পেইয়ান্নে ওয়াটার সুড়ঙ্গ (ফিনল্যান্ড)
দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। পেইয়ান্নে হ্রদ থেকে হেলসিঙ্কিসহ কয়েকটি বড় শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করে। ১৯৮২ সালে মূল কাজ সম্পন্ন হয়।
৩. দাহুওফাং ওয়াটার সুড়ঙ্গ (চীন)
প্রায় ৮৫.৩২ কিলোমিটার দীর্ঘ এ সুড়ঙ্গ দাহুওফাং জলাধার থেকে শুষ্ক অঞ্চলে পানি সরবরাহ করে চীনের পানিনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৪. অরেঞ্জ–ফিশ রিভার সুড়ঙ্গ (দক্ষিণ আফ্রিকা)
৮২.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্প অরেঞ্জ নদীর পানি ফিশ নদীতে সরিয়ে খরাপ্রবণ অঞ্চলে জীবন ফিরিয়ে এনেছে।
৫. বলমেন ওয়াটার সুড়ঙ্গ (সুইডেন)
প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এ সুড়ঙ্গ বলমেন লেক থেকে দক্ষিণ সুইডেনের বিভিন্ন শহরে পানি সরবরাহ করে। ১৯৮৭ সালে নির্মাণ শেষ হয়।
৬. চেংডু মেট্রো লাইন–৬ (চীন)
৬৮.৮ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ মেট্রো সুড়ঙ্গে রয়েছে ৫৬টি স্টেশন। এটি বিশ্বের দীর্ঘতম একটানা মেট্রো টানেলগুলোর একটি।
৭. নিলম–ঝিলম হাইড্রোপাওয়ার সুড়ঙ্গ (পাকিস্তান)
প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ দিয়ে পানি সরিয়ে ৯৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রকল্পটি পুরোপুরি চালু হয় ২০১৮ সালে।
৮. এমিসর ওরিয়েন্টে সুড়ঙ্গ (মেক্সিকো)
৬২.৫ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ মেক্সিকো সিটির বর্জ্য ও বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৯. গুয়াংজু মেট্রো লাইন–৩ (চীন)
৬৭.৩৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো সুড়ঙ্গ নগরীর ব্যস্ত অঞ্চলে প্রতিদিন লক্ষাধিক যাত্রী পরিবহন করে।
১০. গটথার্ড বেস সুড়ঙ্গ (সুইজারল্যান্ড)
৫৭.৯ কিলোমিটার দীর্ঘ এই রেলসুড়ঙ্গ আল্পস পর্বতের প্রায় ২.৩ কিলোমিটার নিচ দিয়ে গেছে। এটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেলসুড়ঙ্গগুলোর অন্যতম।











