বিশ্বের সবচেয়ে শীতল অঞ্চল অ্যান্টার্কটিকার বরফের প্রায় ৪ হাজার ফুট নিচে হাজার হাজার বছর আগের নদী ও ঘন জঙ্গলের অস্তিত্বের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে অ্যান্টার্কটিকার একটি নির্দিষ্ট এলাকায় গবেষণা চালান। গবেষণায় দেখা যায়, প্রায় ৩ কোটি ৪০ লাখ বছর আগে ওই এলাকায় প্রবাহিত হতো নদী এবং বিস্তীর্ণ বনাঞ্চল ছিল সেখানে।
গবেষকদের মতে, গন্ডোয়ানা মহাদেশ ভেঙে যাওয়ার পর অ্যান্টার্কটিকার এই অঞ্চল ধীরে ধীরে বরফে ঢাকা পড়তে শুরু করে। প্রায় ২ কোটি বছর আগে থেকে সেখানে হিমবাহের বরফ জমতে থাকে, যা সময়ের সঙ্গে আরও পুরু হয়ে নদী ও জঙ্গলকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে।
বর্তমানে বরফের নিচে প্রায় ৩ হাজার ৯০০ ফুট গভীরে সেই প্রাচীন নদী ও বনাঞ্চলের অবশিষ্টাংশ এখনো অক্ষত রয়েছে। দীর্ঘ সময় ধরে বরফের স্থিতিশীলতার কারণে এসব ভূ-প্রাকৃতিক চিহ্ন নষ্ট হয়নি বলে জানান গবেষকরা।
বিজ্ঞানীদের ধারণা, এই আবিষ্কার অ্যান্টার্কটিকার অতীত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ইতিহাস বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পৃথিবীর জলবায়ুর দীর্ঘমেয়াদি পরিবর্তন নিয়ে গবেষণার ক্ষেত্রেও এটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।











