কুমিল্লার বুড়িচং-এর নিমসার কাঁচাবাজারে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে প্রতি ট্রাক থেকে ১,৭০০ টাকা এবং প্রতি লেগুনা থেকে ১,৫০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে যৌথ অভিযান চালানো হয়। মহাসড়কের ওপর কাঁচামালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধার হওয়া রশিদ বই পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি ট্রাক থেকে ১,৭০০ টাকা, লেগুনা থেকে ১,৫০০ টাকা, ছোট গাড়ি থেকে ১,০০০ টাকা এবং অটোরিকশা ও অন্যান্য যানবাহন থেকে ১০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছিল। পুলিশ জানায়, এসব চাঁদা আদায়ের কোনো বৈধ অনুমোদন ছিল না।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে টোলের নামে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলে আসছে, যা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘কুমিল্লায় সব ধরনের চাঁদাবাজির বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।’ কোতোয়ালি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, অভিযানের পাশাপাশি জড়িত অন্যদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে।











