জামালপুরের মেলান্দহে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নূরনবী হোসেন (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে জান্নাতুল (১৪) ও তাঁর আরেক বড় ভাই বিল্লাল হোসেন (৪৫) আহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মেলান্দহ পৌরসভার দেওলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরনবী হোসেন ওই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নূরনবী হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই মো. আলম মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে নূরনবীর ছোট মেয়ে তার দাদি বেলাতন বেগমের কাছে গেলে আলম মিয়া তাকে গাল ধরে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে আলম মিয়া দৌড়ে গিয়ে ঘর থেকে একটি ছুরি এনে নূরনবীর পেটে আঘাত করেন। এতে নূরনবী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গেলে বড় ভাই বিল্লাল হোসেন ও নূরনবীর মেয়ে জান্নাতুল আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নূরনবী হোসেনের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শাপলা বেগম অভিযোগ করে বলেন, ছোট ভাই ঘর থেকে ছুরি এনে তার স্বামীর পেটে আঘাত করে। সন্তানদের ছাড়াতে গেলে তাদেরও মারধর করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নিহত ও অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর অভিযুক্ত আলম মিয়া পরিবার নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











