নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাদিয়া ওই ইউনিয়নের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নাদিয়া নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার সকালে বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।











