নরসিংদীর সদর উপজেলার শীলমান্দিতে মঙ্গলবার খেলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ৯ বছরের জোনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার বাড়ির পাশের পশ্চিম বাগহাটা এলাকায় একটি ডোবা থেকে লাশটি পাওয়া যায়।
নিহত জোনায়েদ পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জোনায়েদ মঙ্গলবার খেলতে বের হয়ে বাড়ি ফেরেনি। পরিবারের খোঁজাখুঁজির পর বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে এবং পুলিশকে খবর দেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত করা হবে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।’











