বরিশালের গৌরনদী উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার বিল্লগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ও তার ছোট ভাই উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টু। স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকত গুহ পিকলু একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হিসেবেও পরিচিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে যৌথ বাহিনী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, দেশি ও বিদেশি অবৈধ মদ, ৫৭টি চেক বই এবং তিনটি ককটেল উদ্ধার করে। উদ্ধার করা আলামতগুলো জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
অভিযান শেষে গ্রেপ্তার দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।











