লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম চরমোহনা গ্রামে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দেড় বছরের ওই শিশু ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের মেয়ে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কানিজ নিখোঁজ হয়।
শিশুর মা মেরিন গুমের অভিযোগ এনে রায়পুর থানায় একই বাড়ির তোফায়েল আহম্মেদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তার (২৫)-কে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করেছে।
শিশুর মা জান্নাতুল ফেরদৌস মেরিন জানিয়েছেন, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই হত্যা করে শিশুর মরদেহ গুম করেছে বলে অভিযোগ করেছেন।
তবে পুলিশ হেফাজতে থাকাকালীন তোফায়েল আহম্মেদ দাবি করেছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। তাদের সঙ্গে জমির বিরোধ রয়েছে। তাদেরকে ফাঁসাতে এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ‘নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ সেপটিক ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।’











