জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রবিউল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের স্ত্রী মমতাজ বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পিংনা ইউনিয়নের মিরকুটিয়া এলাকায় ঘটেছে।
ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্র জানায়, পিংনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জিরান আলী পৈত্রিকভাবে পাওয়া ১ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বৃহস্পতিবার স্থানীয় প্রভাবশালী রবিউল ইসলাম ও তার লোকজন ওই জমিতে হালচাষ করতে গেলে মমতাজ বেগম বাধা দেন।
দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল ইসলাম ও তার লোকজন তাকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে চলে যান। পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত নারীর স্বামী জিরান আলী অভিযোগ করেন, ‘বাপ-দাদার পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। বৃহস্পতিবার বিকালে স্থানীয় রবিউল ইসলাম, আব্দুল মজিদ, নুর ইসলাম ও আলী মিয়া আমার জমিতে হালচাষ করতে গেলে আমার স্ত্রী বাধা দিলে তাকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে।’ তিনি ঘটনার সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছেন।
সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া জানিয়েছেন, মারধরের ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











