সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাই উপজেলার কুমরাইল এলাকার মো. লেহাজ উদ্দিন (৫৫) এবং আশুলিয়ার নয়ারহাট চাকলগ্রাম এলাকার মো. আব্দুল আজিজ (৪৫)। পুলিশ জানায়, আব্দুল আজিজের বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় সরবরাহ করতেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।











