রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করেছে। ঘটনার পর কারখানার মালিক ও শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে আদাবর থানার সামনে জড়ো হন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় দেড় শতাধিক লোক থানার সামনের সড়কে হামলার বিচারের দাবিতে অবস্থান নেয়। পুলিশ পরে মূল অভিযুক্ত কিশোর গ্যাং লিডার রাসেলসহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাকি দুজন হলেন মারুফ ও হাসান।
স্থানীয়রা জানান, আবির এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় আকস্মিকভাবে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং চক্রের সদস্যরা হামলা চালায়। কারখানার কয়েকজন শ্রমিক গুরুতর জখম হয়। রাসেল ওরফে কালা রাসেল ঈদ উপলক্ষ্যে চাঁদা দাবি করলে তা অস্বীকার করার পর সন্ধ্যায় ১০-১২ জনের দল হামলা চালায়।
আদাবরের কিশোর গ্যাং লিডার রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়। তারা আদাবরের আরেক কিশোর গ্যাং লিডার রানার অনুসারী হিসেবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলবাজি করে থাকে।
স্থানীয়রা পুলিশের মাধ্যমে জানিয়েছেন, শ্রমিকরা রাসেলের বাসায় ঘেরাও করলে পুলিশের হস্তক্ষেপে তার বাবা হেফাজতে নেওয়া হয়। এমব্রয়ডারি মালিক জহির ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।











