রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মো. মমতাজুল করিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাসান জিহাদী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি রাতে তিনি ও তার সমর্থকেরা রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালান। অভিযোগে উল্লেখ করা হয়, বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।
হাসান জিহাদী ও তার সমর্থকেরা অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেন, শহিদুল ইসলাম ও তার লোকজন ওই রাতে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। বাধা দেওয়ায় শহিদুল ইসলাম হামলা চালান এবং পরবর্তীতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নির্বাচনের পরবর্তী বিরোধকে কেন্দ্র করে শহিদুল ইসলাম হাসান জিহাদীসহ প্রায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রবিবার আদালতে আত্মসমর্পণের পর হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।











