গোপালগঞ্জ জেলা শহরের নিরাপত্তা ব্যবস্থাকে ফের চ্যালেঞ্জ জানিয়ে আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন জেলা সদর দপ্তরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শহরের বেদগ্রাম মোড়ে অবস্থিত আনসার ক্যাম্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানের ফাঁকা স্থানে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে ক্যাম্পের সদস্যদের পাশাপাশি আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আলামত সংগ্রহ করে। অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, “দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভেতরে দুটি ভবনের মাঝখানে একটি ককটেল নিক্ষেপ করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, এর আগেও গোপালগঞ্জে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এবং ২৮ জানুয়ারি রাতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা বাড়ছে।











