নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাত ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—অপূর্ব (২৪), আক্তার হোসেন (৩৭), হাবিব মিয়া (৩০) ও আউয়াল (৩৫)। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, কাঁচপুর ব্রিজের নিচে বালুর মাঠে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে—এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের হেফাজত থেকে একটি ১৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাইনিজ কুড়াল, ২৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা সাবল, ২১ ইঞ্চি লম্বা সাদা রঙের এসএস পাইপ এবং ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করা হয়। জব্দ করা আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে। পলাতকদের শনাক্তে অভিযান চলছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।











