কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও ওয়াকিটকিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার, একটি হ্যামার, দুটি চাপাতি এবং দুটি ওয়াকিটকি সেট। এছাড়া চারটি পিস্তলের গুলি, ৬৯টি একে-২১-এর গুলি, তিনটি কার্তুজ ও রাইফেলের ১৩টি গুলিও উদ্ধার করা হয়।
আটকরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে নূরুল আমিন (৩২), একই ইউনিয়নের রহমতের বিল গ্রামের আহমেদের ছেলে জানে আলম (৩৫) এবং কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদের ছেলে সোহেল রানা (২৬)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার সদর উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। একই অভিযানে উদ্ধার করা অস্ত্র দিয়ে এক সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগে এক যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম মারুফ হাসান তাহসিন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর সেনা ক্যাম্পের একটি বিশেষ দল সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বসতবাড়ির পাশ থেকে দুটি দেশীয় অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।











