সাভার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনশ পুড়িয়া হেরোইন এবং পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাভার থানার ঝাউচর এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. ইমান আলী (৩৮) এবং একই থানার চন্দ্র নারায়নপুর (ভান্ডার বাড়ি) গ্রামের মৃত মজিবুরের ছেলে মো. সজিব (২৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ঝাউচর এলাকা থেকে মো. ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এছাড়া আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা থেকে অপর মাদক ব্যবসায়ী মো. সজিবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনশ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে ইমান আলীর বিরুদ্ধে একটি এবং সজিবের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।











