চট্টগ্রামের সন্দ্বীপে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপ থানাধীন বেড়িবাঁধ এলাকার একটি ইটভাটাসংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় আগ্নেয়াস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুই কারিগরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।











