জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) টঙ্গী থেকে একটি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।
গ্রেপ্তার ইজাজুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর মাজুখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে টঙ্গীর মধ্য আরিচপুর গার্লস স্কুল সংলগ্ন মাদবরবাড়ী রোডের মমতাজ ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।











