পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ মো. আলীম খান (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মো. আলীম খান পালাতে গেলে ডিবি পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।
আটককৃতের দেওয়া তথ্যমতে, তার নিজ বসত ঘরের শয়নকক্ষের খাটের তোষকের নিচে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি মজুদ করা ছিল।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।











