টঙ্গীর কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এণ্ড ডায়িং লিমিটেড কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করা হয়, যার ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন ও বিক্ষোভে দেড় শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। তারা দাবি করেন, বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালু করতে হবে। মানববন্ধনের পর শ্রমিকরা কারখানার গেটে গিয়ে নিজেদের দাবির কথা জানান।
শ্রমিক জাকির হোসেন অভিযোগ করেন, কর্তৃপক্ষ বারবার সময় নিয়েও বকেয়া বেতন পরিশোধ করেনি এবং কারখানা কখন খুলবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২, টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান জানান, বিষয়টি তার জানা নেই। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।











