চট্টগ্রাম হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হালিশহর থানার এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছে—শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪) ও পাখি (৩৫)।
আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়, যা পুরো বাসায় আগুন ছড়িয়ে দেয়। এতে ৮ জন দগ্ধ হয়েছেন।’
তিনি আরও জানান, ‘ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ আসে ভোর ৪টা ১৫ মিনিটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ভোর সাড়ে ৫টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।’











