সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী পর্যটকবাহী হাউজবোট মাছরাঙায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আনোয়ারপুর বাজারসংলগ্ন রক্তি নদীর পূর্বপারে মেরামতের কাজ চলাকালে আগুনের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হাউজবোটে থাকা মিস্ত্রি ও কর্মচারীরা মেরামতের কাজ করছিলেন। হঠাৎ পেছনের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে হাউজবোটের ভেতরের সজ্জিত অংশ ও একটি ফ্রিজ পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী নৌযান সমিতির সভাপতি রব্বানী জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম নষ্ট হয়েছে।
বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া ও তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে।











