দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া থেকে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কয়লাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পোল ভেঙে গেছে। ফলে শনিবার ভোর থেকে পার্বতীপুরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ীগামী ট্রাকটি হাবড়া বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভি লাইনের পোলকে ধাক্কা দেয়। পোল ভেঙে লাইন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পার্বতীপুর অফিসের লাইনম্যানরা দ্রুত মেরামত কাজে নেমেছেন। বিকল্প সংযোগ চালু করার জন্যও কাজ চলছে।
পার্বতীপুর নেসকোর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা জানান, মেরামত শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল হবে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।











