কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নরপতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হালিম (৩০) ভৈরব উপজেলার দক্ষিণ পাড়া কালিকাপ্রসাদ গ্রামের আলকাস মিয়ার ছেলে এবং একই উপজেলার কুমিরমারা গ্রামের কাশেমের ছেলে মো. নাইম (৩০)।
পাকুন্দিয়া থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুরুদিয়া ইউনিয়নের নরপতি গ্রামের ড্রেনের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় পলিথিনে মোড়ানো চারটি পুটলায় মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










