নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) এর বিশেষ অভিযানে প্রায় দুই মণ (৭২ কেজি) গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোনা শহরের মো. জিয়াউর রহমান (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাজিম উদ্দিন (৩৫) এবং মো. লিটন (৩০)।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে সান্দিকোনা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। ভোরের দিকে একটি সন্দেহভাজন মিনি ট্রাক সেখানে এলে র্যাব সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের আরোহীরা মাদক বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ অর্থ ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।










