কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তঘেঁষা আশাবাড়ি এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সরাসরি অংশ নেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। এ সময় কয়েকজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
রবিবার (১ মার্চ) দিবাগত রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হয়। সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান ও বেচাকেনার অভিযোগের ভিত্তিতে বিশেষ নজরদারি জোরদার করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি ও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
সংসদ সদস্য অভিযানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
অভিযানে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও অংশ নেন। পুরো এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয় এবং সন্দেহভাজন চলাচল নজরদারিতে রাখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ও বিস্তার রোধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।
স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে সীমান্ত অঞ্চলে মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং তরুণ সমাজ সুরক্ষিত থাকবে।










