নেত্রকোনায় ভারতীয় সীমান্ত থেকে মদ, নগদ অর্থ এবং গাড়ি জব্দসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা-ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার উত্তর-নিশ্চিন্তপুর স্কুলের কাছ থেকে গাড়িসহ মদের বোতলগুলো জব্দ করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন সাদ্দাম হোসেন (৩৫), শাহিনুর ইসলাম (২৬) ও মো. রায়হান (৩০)।
পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ-সেনা-বিজিবি ও আনসারের যৌথ বাহিনী নেত্রকোনা-ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের নিশ্চিন্তপুর এলাকায় টহল দিচ্ছিল। একপর্যায়ে গভীর রাতে কলমাকান্দার দিকে আসা মেরুন রঙের একটি গাড়িকে সন্দেহ হলে থামানো হয়।
তল্লাশিতে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৯৬টি মদের বোতল, ২টি বিয়ারের ক্যান, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে ৫টি মোবাইল হ্যান্ডসেট এবং ৪১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। মদের বোতলগুলো বিশেষ কায়দায় কম্বলের ভাঁজে লুকানো ছিল।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।










