নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযানে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়নপুর গ্রামের মো. হারুন ভূঁঞা (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭, সিপিসি-১, ফেনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে সেবারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে একটি কালো প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া অপর আসামি হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আরও ৪ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৮ হাজার ৮৪০ পিস। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় মাদক পাচার রোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।










