টানা ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় দরপতন দেখা দিয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামে। একদিনেই স্বর্ণের দাম কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় পতন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। অথচ এরও আগে, বৃহস্পতিবার সকালেই স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছিল।
মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৬৬০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার ৫০০ টাকার বেশি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এত দ্রুত দরপতন বিশ্ব স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যু, ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সম্প্রতি স্বর্ণের দাম দ্রুত বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে স্বল্প সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া (প্রফিট টেকিং) এবং মার্কিন ডলারের শক্তিশালী হওয়াই স্বর্ণের দর কমার অন্যতম প্রধান কারণ।
বিশ্ববাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। মাত্র দুই দিনের ব্যবধানে দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি। এর মধ্যে এক ধাপে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের প্রতি ভরি দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে। বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি দেখা যায়। বৃহস্পতিবার সকালে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বেশি দাম বাড়ানোর ঘটনাও ছিল নজিরবিহীন।











