২০২৬ সালের হজ পালন করতে ইচ্ছুক যাত্রীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। এই আবেদন গ্রহণ চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজে যাওয়ার আগে প্রত্যেক যাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান সম্পন্ন করার পর সৌদি সরকারের নুসুক মাসার (Nusuk Masar) পদ্ধতির মাধ্যমে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে সময়মতো প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং ভিসা আবেদন সম্পন্ন করার জন্য হজযাত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে।











