ইফতার শুধু রোজা ভঙ্গ করার সময় নয়; এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিশেষ মুহূর্ত, যেখানে আনুগত্য, শৃঙ্খলা ও সুন্নাহর প্রতি ভালোবাসা একসঙ্গে প্রকাশ পায়। দিনভর সিয়াম সাধনার পর মুমিন যখন নির্ধারিত সময়ে ইফতার করে, তখন সে আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ সমর্পণ প্রকাশ করে। দ্রুত ইফতার করা শুধু শারীরিক স্বস্তির বিষয় নয়; বরং এটি দ্বীনের গুরুত্বপূর্ণ আদব ও সুন্নাহ।
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ
সাহল ইবনু সা‘দ (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "লোকেরা যতদিন শীঘ্রই ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে।"
(বুখারি, হাদিস : ১৯৫৭)
হাদিসে “কল্যাণের উপর থাকবে” কথার মাধ্যমে বোঝানো হয়েছে—উম্মাহ যতদিন সুন্নাহ অনুসরণ করবে এবং অতিরিক্ত কড়াকড়ি বা বিদআতের পথে যাবে না, ততদিন তারা দ্বীনের সঠিক পথে অবিচল থাকবে।
হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) ফাতহুল বারীতে ব্যাখ্যা করেছেন, দ্রুত ইফতার করা ইহুদি ও খ্রিস্টানদের রীতি থেকে পৃথক থাকার একটি দিক; কারণ তারা সূর্যাস্তের পরও ইফতার বিলম্ব করত। মুসলিম উম্মাহকে স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য সূর্যাস্ত নিশ্চিত হলে ইফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইমাম নববী (রহ.) ‘শারহ সহিহ মুসলিম’-এ লিখেছেন, ইফতার বিলম্ব করা মাকরূহ, যদি তা ইচ্ছাকৃত হয় এবং অতিরিক্ত ফজিলত আশা করা হয়। বরং সুন্নাহ হলো সূর্যাস্ত নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। এতে শরিয়তের সহজতা ও ভারসাম্যের সৌন্দর্য প্রকাশ পায়।
কিছু আলেম আরও ব্যাখ্যা করেছেন, দ্রুত ইফতার করা আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। রোজা যেমন আল্লাহর আদেশে শুরু হয়, তেমনি তাঁর আদেশে শেষ হয়। বান্দা নিজের ইচ্ছায় এক মুহূর্তও বেশি রোজা রাখে না, আগে ভঙ্গও করে না। এই ভারসাম্যই প্রকৃত তাকওয়ার প্রকাশ।
সুতরাং, শীঘ্র ইফতার করা কেবল সুন্নাহ নয়; এটি উম্মাহর ঐক্য, শরিয়তের সহজতা এবং রাসুলুল্লাহ (সা.)–এর অনুসরণের বাস্তব প্রতিফলন।
যতদিন এ সুন্নাহ জীবিত থাকবে, ততদিন উম্মাহ কল্যাণ ও হেদায়াতের উপর অটল থাকবে। মোটকথা হাদিসটিতে জলদি ইফতার করার জন্য খুব তাগিদ দেওয়া হয়েছে। সূর্যাস্ত দেখেই বা আবহাওয়া অফিসের সূর্যাস্তের সময় অনুযায়ী ইফতার করা যেতে পারে।
আরবি সহ হাদিস:
-
বুখারি, হাদিস : ১৯৫৭
-
আবূ দাউদ, হাদিস: ২২৫৩
-
ইবনে মাজাহ, হাদিস : ১৬৯৮











