সুন্দরবনে দস্যুবিরোধী অভিযানে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের কুমড়োকাঠি খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা ভোর ৬টার দিকে বিশেষ অভিযান চালান। ওই সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে এক সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। আটকের পর তার কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং সাত রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কামরুল সরদার দীর্ঘদিন ধরে সুন্দরবনে সক্রিয় দুলাভাই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি করে আসছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।
এ বিষয়ে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’











