সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন নদীর ইজারাকৃত পয়েন্টে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের বাইরে চাঁদা উত্তোলন বন্ধে স্থানীয় এমপি কামরুজ্জামান কামরুল প্রশাসনের সংশ্লিষ্টদের মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা প্রচারণার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আবুয়া নদী থেকে চলতি ও যাদুকাটা নদীতে ইজারাদার, ইজারাদারের প্রতিনিধি, ব্যবসায়ী, নৌকার মালিক-চালক ও এলাকাবাসীর উদ্দেশে এই প্রচারণা চালানো হয়। মাইকিংয়ে প্রতি ঘনফুট বালু থেকে ২৫ পয়সা এবং পাথর থেকে ৩৪.৫০ পয়সা সরকারি টোলের বাইরে অতিরিক্ত টোল নেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়।
প্রতিটি ঘাটে ইজারাদার ও তাদের প্রতিনিধিদের টোল চার্ট টাঙিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। অতিরিক্ত টোল আদায় করলে স্থানীয় থানায় মামলা দায়েরের শাস্তির কথা জানানো হয়। স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা করেছেন এবং নদীতে চাঁদাবাজি বন্ধে সচেতন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “ব্যবসায়ী ও স্থানীয় মানুষের অভিযোগ ছিল, নদীতে দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটিএর নামে অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে। এর সত্যতা রয়েছে। তাই জনগণের সচেতনতার জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। আমি সবসময় চাঁদাবাজি ও জনস্বার্থবিরোধী কাজে সোচ্চার থাকব।











