প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই সময় কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা। মূলত বাংলা একাডেমির পাঠানো চিঠির প্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি একটি চিঠি ডিএমটিসিএলকে পাঠায়। চিঠিতে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে। চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন।
এই কারণে উদ্বোধনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ রাখার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।











